কলকাতার বিপ্লবী লীলা রায় সভাগৃহে অনুষ্ঠিত হল টার্মিনাসের বার্ষিক সাহিত্য উচ্ছ্বাস। কবিতা, প্রবন্ধ, গল্প ও সাহিত্যালোচনার মধ্য দিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রকাশিত হল কবি ও প্রাবন্ধিক আবু রাইহানের নতুন প্রবন্ধগ্রন্থ ‘হে প্রিয় জীবনানন্দ’। গ্রন্থটি প্রকাশ করেছে বই টার্মিনাস।
আনুষ্ঠানিকভাবে ‘হে প্রিয় জীবনানন্দ’ গ্রন্থের প্রকাশ করেন সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়, গল্পকার চুমকি চট্টোপাধ্যায় এবং বই টার্মিনাসের কর্ণধার কবি শাহাবুদ্দিন ফিরোজ-সহ বিশিষ্ট অতিথিরা। জীবনানন্দ-চর্চাকে কেন্দ্র করে রচিত আবু রাইহানের এই প্রবন্ধগ্রন্থ প্রকাশ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।
এদিন বই টার্মিনাস থেকে প্রকাশিত আরও কয়েকটি গ্রন্থেরও আনুষ্ঠানিক প্রকাশ হয়। প্রকাশিত বইগুলির মধ্যে রয়েছে যুদ্ধবিরোধী কবিতা সংকলন ‘রক্তিম কুয়াশা’, অণুগল্প সংকলন ‘খেয়ালি রঙের শব্দ’, শম্পা ঘোষের কাব্যগ্রন্থ ‘অর্কিড’, ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের কাব্যগ্রন্থ ‘শূন্য গুণিতক বৃত্ত’, সায়ক বন্দ্যোপাধ্যায়ের ছোটোগল্পের বই ‘দাহ! বি বাহ’ এবং সুধাকর মণ্ডলের ‘জীবন ও জীবিকার সন্ধানে’।
টার্মিনাসের বার্ষিক সাহিত্য উচ্ছ্বাসে প্রায় অর্ধশতাধিক কবি ও সাহিত্যিক অংশ নেন। কবিতা পাঠের পাশাপাশি সাহিত্য আলোচনা ও গ্রন্থ প্রকাশের বিভিন্ন পর্বে তাঁদের উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে সাহিত্যকেন্দ্রিক এক মিলনমেলা। কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে দিনভর আয়োজনে বাংলা সাহিত্যের বিভিন্ন ধারা ও সমকালীন সাহিত্যচর্চার নানা দিক উঠে আসে।