চট্টগ্রাম সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরমধ্যে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে সংর্ঘষের সূত্রপাত হয়। এসময় কলেজের অভ্যন্তরীণ ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলেও শিক্ষকদের অনুরোধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা যথাযথভাবে অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষা শেষ হওয়ার পরই ফের সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও শিবির।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকেই উত্তেজনা শুরু হয়ে দুপুর ১২টার দিকে তা সংঘর্ষে রূপ নেয়।
নির্ভরযোগ্য সূত্র জানায়, ক্যাম্পাসের একটি ভবনের দেয়ালে থাকা একটি গ্রাফিতিতে লেখা পরিবর্তনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কলেজের পরিস্থিতি বাক-বিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয়। প্রায় এক ঘণ্টা ধরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও স্লোগান চলতে থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলেজের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শিক্ষার্থীদের বোঝানো হয়েছে, এ ধরনের পরিস্থিতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিঘ্নিত হলে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হবে। পরে শিক্ষার্থীরা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। তবে দুপুরের পর থেকে অভ্যন্তরীণ সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়।’
তথ্যটি নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন বলেন, ‘দুই পক্ষের মধ্যে এমন ঘটনা ঘটেছিল। প্রথমে শিক্ষকরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে।’









