রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদী থেকে আহত অবস্থায় উদ্ধার করা সাম্বার প্রজাতির বন্য হরিণটি মারা গেছে। শুক্রবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে কাপ্তাই রেঞ্জ কার্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় এই প্রাণীটি।
এর আগে দুপুর ২টার দিকে কাপ্তাইয়ের পিডিবি স্পিলওয়ে সংলগ্ন কর্ণফুলী নদী থেকে হরিণটিকে উদ্ধার করে বনবিভাগ।
কর্ণফুলী রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. আবু কাউসার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ি এলাকায় শিকারি কিংবা বন্য কুকুরের আক্রমণ থেকে প্রাণ বাঁচাতে হরিণটি নদীতে ঝাঁপ দেয়। এতে পায়ে গুরুতর আঘাত পায়। উদ্ধার করে পশু চিকিৎসকের সহায়তায় চিকিৎসা দেওয়া হলেও বিকেলে হঠাৎ স্ট্রোক করে মারা যায়।’
তিনি আরও বলেন, ‘সাম্বার প্রজাতির এই হরিণটি খুবই বিরল। এর ওজন প্রায় ১০০ কেজি এবং উচ্চতা প্রায় ৪ ফুট। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পশু চিকিৎসকরা ময়নাতদন্ত করবেন।’









