ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে দায়ের করা মামলায় আরও ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এ নিয়ে মামলাটিতে জবানবন্দি নেওয়া হয়েছে মোট ১১ জনের।
মঙ্গলবার (২১ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমানের আদালতে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।
তথ্যটি নিশ্চিত করে দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনকে আসামি করা হয়েছে। আজ (মঙ্গলবার) উপস্থাপিত ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। আগামী ৫ মে পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
আরও জানা যায়, চলতি বছরের ৫ জানুয়ারি দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান আদালতে মামলার অভিযোগপত্র জমা দেন।
অভিযোগে বলা হয়, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব একটি প্রতিষ্ঠানের মালিক দেখিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন করানো হয়। পরে সেই অর্থ বিভিন্ন মাধ্যমে তুলে হুন্ডির সাহায্যে বিদেশে পাচার করে সম্পদ কেনা হয়।
অভিযোগপত্রে উল্লেখ আছে, ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যে এই অর্থ আত্মসাতের ঘটনা ঘটে। এ ঘটনায় দণ্ডবিধির একাধিক ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
মামলায় সাবেক মন্ত্রী জাবেদের পাশাপাশি তার স্ত্রী, ব্যাংকের সাবেক চেয়ারম্যান, পরিচালক, কর্মকর্তাসহ আরামিট গ্রুপের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে আসামি করা হয়েছে। শুরুতে ৩১ জনকে আসামি করা হলেও তদন্তে আরও ৭ জনের সংশ্লিষ্টতা পাওয়ায় মোট আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ জনে। এর মধ্যে দুইজনের মৃত্যু হওয়ায় তাদের বিচারিক কার্যক্রম থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
মামলার অভিযোগপত্রে মোট ৯২ জনকে সাক্ষী করা হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রমে আরও সাক্ষ্যগ্রহণের মাধ্যমে বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।









