মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবির নতুন অ্যাডহক কমিটি

চট্টলার সন্তানদের হাত ধরে ফিরবে সোনালী অতীত

বিসিবি নির্বাচনে অনিয়ম হয়েছে দাবি করে বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ- এনএসসি। মঙ্গলবার (৭ এপ্রিল) ঘোষণা করা হয়ছে নতুন অ্যাডহক কমিটি। আগামী ৩ মাসের মধ্যে নতুন করে বিসিবি নির্বাচন করবে নতুন কমিটি। নির্বাচন পর্যন্ত বোর্ড পরিচালিত হবে গঠিত ১১ সদস্য নতুন অ্যাডহক কমিটি। নতুন এ কমিটির মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনের সোনালী দিন ফিরে আসবে বলে প্রত্যাশা ক্রীড়া সংগঠকদের।

বিসিবি সাবেক পরিচালক সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর বলেন, নতুন কমিটির হাত ধরে দেশের ক্রীড়াঙ্গনের সোনালী দিন ফিরে আসবে। নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে। সেই নেতৃত্বের হাত ধরে ক্রীড়াঙ্গন আবারও ঘুরে দাড়াবে। দীর্ঘদিন ধরে যে অস্থিরতা চলছিল ক্রীড়াঙ্গনে তার অবসান হবে এবার।

অ্যাডহক কমিটি সভাপতি করা হয়েছে সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার তামিম ইকবালকে। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার হিসেবে গণ্য করা হয় যাকে। সর্বশেষ বিসিবি নির্বাচনে প্রার্থীতা করতে চাইলেও শেষ পর্যন্ত অনিয়মের অভিযোগে সরে দাঁড়ান।

সদস্য করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু ও আতহার আলী খানকেও। নান্নু বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দীর্ঘদিন কাজ করার পর বিসিবিতে অন্যান্য ভূমিকায় ব্যস্ত ছিলেন। এবার বসবেন সরাসরি বোর্ড সভায়। অন্যদিকে আতহার আলী খান খেলোয়াড়ি জীবন শেষে বনে গেছেন খ্যাতনামা ধারাভাষ্যকার। নির্বাচনের আগপর্যন্ত তিনিও বোর্ডের নীতিনির্ধারকদের একজন।

এছাড়া বাকিদের মধ্যে রাশনা ইমাম। তিনি প্রখ্যাত ব্যারিস্টার আখতার ইমামের মেয়ে এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী। মির্জা ইয়াসির আব্বাস, তিনি ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের সন্তান। সৈয়দ ইব্রাহীম আহমেদ। কক্সবাজার-১ আসনের সাংসদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সন্তান। ইসরাফিল খসরু। অর্থমন্ত্রী ও চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সন্তান। ইসরাফিল নিজে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, উদ্যোক্তা ও কলামিস্ট হিসেবে সমাদৃত। পরিচিতি আছে ক্রীড়া সংগঠক হিসেবেও।

আছেন মির্জা সালমান ইস্পাহানি। তিনি দীর্ঘদিন ধরে ক্রিকেটের সাথে যুক্ত। এমএম ইস্পাহানী লিমিটেডের শীর্ষ পদে আসীন। চট্টগ্রামের তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনার জন্য পরিচিতি রয়েছে। রফিকুল ইসলাম বাবু একসময় বোর্ড পরিচালক ছিলেন। দেশের ক্লাব ক্রিকেটের শীর্ষপর্যায়ের ব্যক্তি তিনি। বিসিবি নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে শুরু থেকে সোচ্চার ছিলেন। ফাহিম সিনহাও সাবেক বোর্ড পরিচালক। তিনিও সোচ্চার ছিলেন অনিয়ম নিয়ে। তিনি প্রয়াত বোর্ড সভাপতি ও খ্যাতনামা ক্রীড়া সংগঠক আফজালুর রহমান সিনহার পুত্র।

এছাড়া আহ্বায়ক কমিটিতে রয়েছেন তানজিল চৌধুরী। ক্লাব ক্রিকেটের সফল দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সাফল্যের পেছনে আছে বড় অবদান। দুই মেয়াদে কাজ করেছেন বিসিবি পরিচালক হিসেবে। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন। কাজ করেছেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও।

[print_link]

WhatsApp
Facebook
X
LinkedIn
Email
Telegram