‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে অধ্যাপক ড. মুনতাসীর মামুনের নিয়োগ বাতিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। একইসঙ্গে এই পদে দায়িত্বে থাকাকালীন নেওয়া সম্মানির সব টাকা ফেরত দিতে বলা হয়েছে এই গবেষককে। গত ১৯ অক্টোবর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠি পাঠানো হয় অধ্যাপক ড. মুনতাসীর মামুনের কাছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত বছরের ১১ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু চেয়ার’ নির্বাহী কমিটির ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভার ১ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী রেজিস্ট্রার অফিস চলতি বছরের ১৫ জানুয়ারি এক চিঠিতে আপনার বক্তব্য চাওয়া হয়। এর প্রেক্ষিতে ২৫ জানুয়ারি আপনার প্রদত্ত লিখিত জবাব ৯ মার্চ অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু চেয়ার’ নির্বাহী কমিটির ৭ম সভায় তোলা হয়। এতে ১ নম্বর সিদ্ধান্তে আপনার জবাব গৃহিত হয়নি, যা চলতি বছরের ১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫৬২তম সভার ৪৭ নম্বর সিদ্ধান্তে অনুমোদিত হয়। এমতাবস্থায়, ৯ মার্চ অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু চেয়ার’ নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে চবি ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে আপনার নিয়োগ ২০২৩ সালের ১৫ মার্চ থেকে বাতিল করা হলো। উক্ত সময় থেকে পরবর্তী সময়ে আপনাকে পরিশোধিত সমুদয় অর্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফেরত প্রদানের জন্য অনুরোধ করা হলো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, অধ্যাপক মুনতাসীর মামুনের ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদের মেয়াদ শেষ হয়েছে। তাছাড়া নিয়োগের শর্ত অনুযায়ী তিনি যে দায়িত্ব পেয়েছিলেন সেটি ঠিকমতো পালন করেননি। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে (মুনতাসীর মামুন) এ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিমাসে দেওয়া সম্মানি ফেরত চাওয়া হয়েছে।









