মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনায় ফুটে উঠছে ভবিষ্যতের চিত্র: প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনায় ফুটে উঠছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র। বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দেশের জ্বালানি সংকট, বর্জ্য ব্যবস্থাপনা, কার্বন নিঃসরণ কমানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সৃজনশীল ও টেকসই সমাধান উপস্থাপন করেছে। তাদের চিন্তাভাবনায় ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) হাটহাজারী উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, সংকটকালেও জ্বালানি ও বিদ্যুৎ খাতে সরকারের সফল ব্যবস্থাপনায় খাতটি পরিচালিত হচ্ছে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে জ্বালানির মূল্য বৃদ্ধি না করায় সরকারের এ সাফল্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রচলিত ধারার বাইরে দেশকেন্দ্রিক প্রকল্পে শিক্ষার্থীদের অগ্রগতি লক্ষণীয়। আগের মতো শুধুমাত্র রোবট বা স্বয়ংক্রিয় গাড়ি তৈরির প্রকল্পের পরিবর্তে শিক্ষার্থীরা এখন দেশ ও সমাজের সমস্যা সমাধানে মনোযোগী হয়েছে, যা একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়।

তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও উপজেলা প্রশাসনের ভূমিকা প্রশংসনীয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় এমন ব্যতিক্রমধর্মী আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই বিজ্ঞান মেলা শুধু একটি প্রদর্শনী নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার এক অনন্য উদ্যোগ। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও দেশপ্রেম আগামী দিনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে প্রতিমন্ত্রী হাটহাজারী উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬-এর স্টল পরিদর্শন করেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন। এছাড়া আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

 

[print_link]

WhatsApp
Facebook
X
LinkedIn
Email
Telegram