ভারতে বিজেপি সরকারের নতুন মেয়াদে জ্বালানি সাশ্রয়ে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমন সাশ্রয়ী অবস্থানের মধ্যেই নতুন একটি বিলাসবহুল গাড়ি কিনে আলোচনায় এসেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
ইন্ডাস্ট্রির অন্দর থেকে খবর পাওয়া গেছে, শাহরুখের গাড়ির গ্যারেজে এবার যুক্ত হয়েছে বিশ্বখ্যাত ‘ক্যাডিল্যাক এসক্যালেড’। যেহেতু ভারতে এই ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে গাড়ি বিক্রি করে না, তাই কিং খান ব্যক্তিগতভাবে এটি বিদেশ থেকে আমদানি করেছেন বলে ধারণা করা হচ্ছে।
ক্যাডিল্যাক এসক্যালেড বিশ্বের অন্যতম সেরা লাক্সারি এসইউভি হিসেবে পরিচিত। শুল্ক ও করসহ ভারতে এই গাড়ির বাজারমূল্য প্রায় ৪ থেকে ৫ কোটি রুপির সমান।
প্রযুক্তিগত দিক থেকে এই গাড়িটি অত্যন্ত শক্তিশালী। এতে রয়েছে ভিএইট পেট্রোল ইঞ্জিন, যা প্রায় ৪২০ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে। গাড়ির ভেতরে রয়েছে ৩৮ ইঞ্চির কার্ভড ওএলইডি ডিসপ্লে, ভেন্টিলেটেড ম্যাসাজ সিট এবং বিল্ট-ইন রেফ্রিজারেটরের মতো অত্যাধুনিক সব সুবিধা। ভারতে এই মডেলের গাড়ি হাতেগোনা কয়েকজনের কাছে রয়েছে, যা শাহরুখের সংগ্রহকে আরও একচেটিয়া করে তুলল।
বর্তমানে শাহরুখ খান তার পরবর্তী সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মাঝেই নতুন এই গাড়ি কেনার খবরটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তার সংগ্রহে থাকা আগের গাড়িগুলোর মধ্যে ১০ কোটি রুপির ‘রোলস রয়েস কুলিনান ব্ল্যাক বেইজ’ অন্যতম। এছাড়াও বেন্টলি কন্টিনেন্টাল জিটি ও মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস গার্ডের মতো বিশ্বের দামী সব গাড়ি তার গ্যারেজের শোভা বাড়িয়েছে।
এদিকে সরকারি সাশ্রয়ী নীতির মধ্যে তার এই নতুন শখ পূরণ ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

