সৌভিক বন্দ্যোপাধ্যায় পুরস্কার পেলেন রাজীব ঘাঁটী
নগর নিউজ, নিজস্ব সংবাদদাতা, কলকাতা ডেস্ক: শূন্য দশকের উল্লেখযোগ্য কবি সৌভিক বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে প্রবর্তিত সাহিত্য পুরস্কার পেলেন তরুণ কবি ও সম্পাদক রাজীব ঘাঁটী। সৌভিকের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৬ সালের এই পুরস্কার তাঁর হাতে তুলে দেওয়া হয়। স্মারক, অর্থমূল্য-সহ নানা উপহার, ফল ও মিষ্টান্ন দিয়ে তাঁকে সম্মানিত করা হয়।
সৌভিক বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণ বাংলা কবিতার জগতে গভীর শূন্যতা তৈরি করেছে। তাঁর কবিতা ও সাহিত্যচিন্তা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তাঁর নামে এই পুরস্কার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। কলকাতার ‘যীশুর’ আন্তর্জাতিক পত্রিকার সম্পাদক সাতকর্ণী ঘোষ এবং ‘স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ’-এর চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগ নেন।
পুরস্কার গ্রহণ করে রাজীব ঘাঁটী বলেন, এই সম্মান তাঁর জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। একই সঙ্গে এর সঙ্গে তাঁর দায়িত্বও বেড়ে গেল। সৌভিক বন্দ্যোপাধ্যায় শেকড়ের সঙ্গে যুক্ত থেকে যে সাহিত্যকর্ম এগিয়ে নিতে চেয়েছিলেন, আগামী দিনে সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তাঁদের। পুরস্কার নির্বাচক কমিটি মফস্বলের একজন কবিকে বেছে নিয়েছেন—এটিকেও তিনি বিশেষ গর্বের বিষয় বলে উল্লেখ করেন। তাঁর কথায়, এই সম্মান আসলে মফস্বলের জয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি মৃদুল দাশগুপ্ত, ঋজুরেখ চক্রবর্তী, সত্যপ্রিয় মুখোপাধ্যায়, রামকিশোর ভট্টাচার্য, সৌমিত বসু, সুমিতাভ ঘোষাল, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের পৌত্র রঞ্জন প্রসাদ দাশ, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অমিত গোস্বামী, সঞ্জয় গুহঠাকুরতা-সহ বিশিষ্ট কবি, সাহিত্যিক ও বাচিক শিল্পীরা।
অনুষ্ঠানের বক্তব্য ও কবিতা পাঠের পর্ব জুড়েই ছিল সৌভিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা ও সাহিত্যচর্চার স্মরণ। জন্মদিনে কবি ও বাচিক শিল্পীদের শ্রদ্ধার্ঘ্যে স্মরণীয় হয়ে ওঠে দিনটি। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায়।

