ঢাকাবুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এমদাদ হোসেনের গুচ্ছ কবিতা

এমদাদ হোসেন
আগস্ট ৮, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

 

তুমি দেখলে না
চোখ থাকলেই কি সবাই দেখে?
সবাই দেখে না, চোখ থাকতেও অন্ধ হয় মানুষ।
যদি তা-ই না হতো, এত ভালোবাসার পরেও তুমি কেন দেখলে না?

শপথে
যদি কাচপোকা ডাকে,
কোলাহল ভেঙে যায়।
মিনারে নামে যদি শোক,
অচেনা রাজপথ থেকে
ডেকে উঠে যদি অসুখী হৃদয়।
যদি বলে কেউ, কোথায় যাবে আর আমাকে রেখে!
এমন করে নেই তো কেউ দাঁড়িয়ে পথের শেষে, শপথে।

আক্ষেপ
কেউ কখনোই জিজ্ঞেস করেনি আমার মন ভালো কি না, অথবা খেয়েছি কি না ঠিকঠাক।
কখনো হাত রাখেনি কপালে—মায়ের মতো করে না হোক,
কম যত্নে হলেও হতো।
কখনো দুগালে হাত রেখে, চোখে চোখ রেখে বলেনি,
‘এত চিন্তা কিসের? আমি আছি তো।’
কেউ বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলেনি…”

শেষান্তে মিলন
আমার চোখে ঘুম নামেনি বহুকাল।
তোমাকে দেখিনি, অথবা তুমি আমাকে দেখোনি বহুকাল।
আমার যে তোমাকে খুব দেখতে ইচ্ছে করে!
কীভাবে বেঁচে আছো, জানতে ইচ্ছে করে।
কতটুকু বাস্তুহারা মানুষের মতো জীবনযাপন করছো?
আদতেও কি জীবন আছে, নাকি শুধুমাত্র যাপন করে যাচ্ছ?
অথচ সময়ের টানাপোড়েনে দুজন ছিটকে পড়েছি দুদিকে।
শুনেছি খোদা দয়াময়, রহমানুর রহিম।
হে পরওয়ারদিগার, এই দুই জাহানের বাদশা—
আমাদেরকে এক করো, দুঃখের শেষান্তে সুখ দাও।
যেমন করে রাত্রির পরে দিন দিয়েছ,
অথবা জীবনের বদলে দিয়েছ মৃত্যু—
আমাদেরকে দূরত্বের বিনিময়ে মিলন দাও।
কোনো সন্ধ্যায় আমার কবিতা তোমার সামনে পড়ে গেল,
তুমি কি হাত বাড়িয়ে তুলে নিয়ে পড়বে কি না তা জানতে ইচ্ছে হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।