ঢাকামঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মস্কোর গ্লোবাল ডিজিটাল ফোরামে চট্টগ্রাম থেকে অংশ নিচ্ছেন সাবের শাহ আর সাইফুদ্দিন মুন্না

নিজস্ব প্রতিবেদক ::
অক্টোবর ৩, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

রাশিয়ার রাজধানী মস্কোতে ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। আন্তর্জাতিক এ প্রযুক্তি আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ডিজিটাল উদ্যোক্তা এ ডব্লিউ কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা সাবের শাহ এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রযুক্তি প্রতিষ্ঠান রোবট্রি বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা সাইফুদ্দিন মুন্না।

‘ডিজিটাল সলিউশন্স’কে কেন্দ্র করে আয়োজিত এবারের ফোরামে ১১০টি দেশের প্রতিনিধি ছাড়াও সরকারি ও আন্তর্জাতিক সংস্থা, প্রযুক্তি প্রতিষ্ঠান, স্টার্টআপ, শিক্ষাপ্রতিষ্ঠান, ডেভেলপার ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজকরা।

ফোরামে ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তিগত অবকাঠামো, উদ্ভাবন এবং আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতা নিয়ে আলোচনা হবে। কর্মসূচির মধ্যে থাকছে প্লেনারি সেশন, বিজনেস ট্র্যাক, শিক্ষাবিষয়ক কর্মশালা, ব্যবহারিক সেশন, বিজনেস ম্যাচিং, নেটওয়ার্কিং এবং প্রযুক্তি প্রদর্শনী।

সাবের শাহ বলেন, আন্তর্জাতিক এ আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তি ও ডিজিটাল খাতের সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে জানার পাশাপাশি আন্তর্জাতিক উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও পেশাজীবীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, ‘ডিজিটাল প্রযুক্তি দ্রুত পরিবর্তিত হচ্ছে। নতুন প্রযুক্তি ও আন্তর্জাতিক বাজারের প্রবণতা সম্পর্কে সরাসরি জানার পাশাপাশি বাংলাদেশের ডিজিটাল খাতের অভিজ্ঞতা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ হিসেবে আমি এ অংশগ্রহণকে দেখছি।’

সাবের শাহ চট্টগ্রামভিত্তিক ডিজিটাল কনটেন্ট প্ল্যাটফর্ম চট্টগ্রাম লাইভ-এর প্রতিষ্ঠাতা এবং ডিজিটাল যোগাযোগ প্রতিষ্ঠান AW Communication-এর প্রতিষ্ঠাতা। ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট প্রোডাকশন ও যোগাযোগ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। এর আগে রাশিয়ায় World Youth Festival ও Global Digital Forum-এ অংশগ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন আয়োজনে বক্তা হিসেবেও যুক্ত ছিলেন।

অন্যদিকে, সাইফুদ্দিন মুন্না প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক। পাশাপাশি তিনি প্রযুক্তি প্রতিষ্ঠান ইনসাইডস অটোমাটা ও রোবট্রি বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে কাজ করছেন। ফোরামে অংশগ্রহণের মাধ্যমে একাডেমিয়া, প্রযুক্তি গবেষণা ও শিল্পখাতের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন তিনি।
ফোরামে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের ডিজিটাল সমাধান ও উদ্ভাবন প্রদর্শন করবে।

দুই বাংলাদেশি প্রতিনিধির প্রত্যাশা, এসব কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও আন্তর্জাতিক যোগাযোগ দেশের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা এবং প্রযুক্তি খাতের পেশাজীবীদের সঙ্গে বিনিময় করা সম্ভব হবে।

আয়োজকদের ভাষ্য, গ্লোবাল ডিজিটাল ফোরামের লক্ষ্য আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতা বাড়ানো, ডিজিটাল প্রবণতা নিয়ে মতবিনিময় এবং বিভিন্ন দেশের প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও অংশীদারত্বের সুযোগ তৈরি করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।