ঢাকাশুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সৌভিক বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার পেলেন রাজীব ঘাঁটী

নগর নিউজ, নিজস্ব সংবাদদাতা, কলকাতা ডেস্ক :
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

শূন্য দশকের উল্লেখযোগ্য কবি সৌভিক বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে প্রবর্তিত সাহিত্য পুরস্কার পেলেন তরুণ কবি ও সম্পাদক রাজীব ঘাঁটী। সৌভিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৬ সালের এই পুরস্কার তাঁর হাতে তুলে দেওয়া হয়।

সৌভিক বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণ বাংলা সাহিত্যে গভীর শূন্যতা তৈরি করেছে। তাঁর কবিতার স্বাতন্ত্র্য, আধুনিক কবিতাভাবনা এবং শিকড়ের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই তাঁর নামে এই সাহিত্য পুরস্কার চালুর উদ্যোগ নেওয়া হয়। কলকাতার আন্তর্জাতিক পত্রিকা ‘যীশু’র সম্পাদক সাতকর্ণী ঘোষ এবং ‘স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ’-এর চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায় এই পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নেন।

২০২৬ সালের পুরস্কারপ্রাপক রাজীব ঘাঁটীর হাতে স্মারক, অর্থমূল্য, বিভিন্ন উপহার, ফল ও মিষ্টান্ন তুলে দেওয়া হয়। সম্মান গ্রহণ করে রাজীব ঘাঁটী বলেন, এই পুরস্কার তাঁর জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। তাঁর কথায়, “আগামীতে দায়িত্ব আরও বেড়ে গেল। সৌভিক বন্দ্যোপাধ্যায় শিকড় ছুঁয়ে যে কাজ করতে চেয়েছিলেন, সেই কাজ আমাদের পূর্ণ করতে হবে।”

পুরস্কার নির্বাচক কমিটি মফস্বলের কবিকে নির্বাচিত করায় নিজের গর্বের কথাও জানান রাজীব। তাঁর বক্তব্য, এই সম্মান শুধু তাঁর ব্যক্তিগত প্রাপ্তি নয়, এটি মফস্বলের কবি-সাহিত্যেরও জয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি মৃদুল দাশগুপ্ত, ঋজুরেখ চক্রবর্তী, সত্যপ্রিয় মুখোপাধ্যায়, রামকিশোর ভট্টাচার্য, সৌমিত বসু, সুমিতাভ ঘোষাল, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের পৌত্র রঞ্জন প্রসাদ দাশ, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অমিত গোস্বামী, সঞ্জয় গুহঠাকুরতা-সহ বিশিষ্ট কবি, সাহিত্যিক ও বাচিকশিল্পীরা।

অনুষ্ঠানের বক্তব্য ও কবিতা পাঠ—দুই পর্বেই কেন্দ্রে ছিলেন সৌভিক বন্দ্যোপাধ্যায়। তাঁর জন্মদিনে কবিতা, স্মৃতিচারণ ও শ্রদ্ধার্ঘ্যের মধ্য দিয়ে সমকালীন কবি ও বাচিকশিল্পীরা স্মরণ করেন প্রয়াত কবিকে।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।