চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, জনগণের রায়ে প্রত্যাখ্যাত পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পাচার করা অর্থ, গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীর দেশবিরোধী ষড়যন্ত্র, নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা প্রমাণ করে, তারা এখনো সন্ত্রাস ও সহিংসতার রাজনীতি থেকে সরে আসেনি। জনগণের বুকে গুলি চালিয়ে কোনো মাফিয়া অপশক্তি এ দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না।
তিনি আরও বলেন, দেশবিরোধী সকল ষড়যন্ত্র, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক, সাংগঠনিক ও আইনগতভাবে কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থেকে সকল অপতৎপরতার বিরুদ্ধে সজাগ ও সোচ্চার থাকার আহ্বান জানাই।
কর্মসূচিতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহামেদুল আলম রাসেল এবং শিহাব উদ্দিন মুবিন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মুজিবুল হক, কামরুল ইসলাম, এ কে খান, মাহাবুব রানা, এম এ সবুর, মোহাম্মদ আজম, মোহাম্মদ ইউসুফ; বিএনপি নেতা মঞ্জুর রহমান চৌধুরী, সাবেক কমিশনার তৈয়ব, বিএনপি নেতা ইউনুস চৌধুরী হাকিম, তাঁতি দলের হাফিজ সেলিম ও মনিরুজ্জামান মনিরসহ মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

