বাঁশখালী উপজেলার চাম্বল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির দ্বিতীয় বারের মতো সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাক্তন শিক্ষার্থী মারুফুল হক চৌধুরী। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার ৪ সদস্যবিশিষ্ট একটি নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। এই কমিটি আগামী ৬ (ছয়) মাসের জন্য দায়িত্ব পালন করবে।
গত ২৪ জুন ২০২৬ তারিখে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: আবুল কাসেম স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদনের বিষয়টি জানা গেছে।
কমিটির অনান্যরা হলেন, সদস্য মোহাম্মদ দিদারুল ইসলাম, মোহাম্মদ ইসমাইল চৌধুরী ও সদস্য সচিব প্রধান শিক্ষক (পদাধিকারবলে)।
এই এডহক কমিটি নিয়মিত ম্যানেজিং কমিটির মতো সমস্ত ক্ষমতা ও দায়িত্ব পালন করতে পারলেও শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ব প্রজ্ঞাপন অনুযায়ী কোনো নতুন শিক্ষক-কর্মচারী নিয়োগ দিতে পারবে না।
এদিকে গত মেয়াদে দায়িত্ব পালনকালে মারুফুল হক চৌধুরী বিদ্যালয়ের অভূতপূর্ব উন্নয়ন করেছেন। বিদ্যালয়ের সার্বিক অবকাঠামো, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে বেশ কিছু যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
তারমধ্যে বহুতল ভবন নির্মাণ: বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনার সুবিধার্থে এবং অবকাঠামোগত সংকট দূর করতে ৩ কোটি ২০ লক্ষ টাকার একটি নতুন ভবন নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হয়, যা বর্তমানে দৃশ্যমান।
আসবাবপত্র ও শ্রেণিকক্ষ সংস্কার: জেলা পরিষদ থেকে তিন লাখ টাকা অনুদান সংগ্রহ করে বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় টেবিল, বেঞ্চ ও অন্যান্য আসবাবপত্র ক্রয় করা হয়েছে। একই সাথে শ্রেণিকক্ষ সংস্কার ও ভবনের দেয়াল সুসজ্জিতকরণের কাজ সম্পন্ন হয়।
ক্রীড়া সামগ্রী বিতরণ: শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা প্রশাসকের মাধ্যমে বার্ষিক ক্রীড়া সামগ্রী সংগ্রহ ও নিয়মিত প্রদানের ব্যবস্থা করা হয়।
বিদ্যালয়ের ভূমি সম্প্রসারণ: বিদ্যালয়ের ভবিষ্যৎ সম্প্রসারণ ও দীর্ঘমেয়াদী উন্নয়নের অংশ হিসেবে জনাব মীর জহির মোহাম্মদ খান প্রকাশ (ছগির) সাহেবের নিকট থেকে সম্পূর্ণ সফলভাবে ১১ গণ্ডা জমি গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।
শিক্ষক কল্যাণ ও বিশেষ ভাতা: শিক্ষকদের কর্মপ্রেরণা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে প্রতিদিন একবেলা মানসম্মত মধ্যাহ্নভোজের ব্যবস্থা চালু করা হয়। এর পাশাপাশি শিক্ষকদের জন্য বিশেষ ‘বৈশাখী ভাতা’ প্রবর্তন করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, বিগত সময়ে বাস্তবায়িত এসব কার্যক্রম চাম্বল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করতে এবং শিক্ষক-শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দূরদর্শী অবদান রেখেছে। নতুন এডহক কমিটিও বিদ্যালয়ের এই উন্নয়নের ধারা বজায় রেখে সামনে এগিয়ে নিয়ে যাবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করছেন।

