ঢাকাশনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদ আরএনবির হাবিলদার শোয়াইবের

বিজ্ঞপ্তি ::
জুন ৪, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইনে ভুয়া ফটোকার্ড তৈরি করে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ এবং প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চট্টগ্রাম ষোলশহর সাব-ইউনিটের ইনচার্জ হাবিলদার মোহাম্মদ শোয়াইব।

আজ এক লিখিত প্রতিবাদলিপিতে তিনি জানান, ‘খবরের চট্টগ্রাম’ নামে একটি নিবন্ধনহীন ফেসবুক পেজে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর সম্মানহানির উদ্দেশ্যে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। অনুসন্ধান চালিয়ে জানা গেছে, ‘কান্ট্রি টুডে’ নামের একটি ইংরেজি পত্রিকার নাম জড়িয়ে প্রথমে একটি ভুয়া ফটোকার্ড বানিয়ে অনলাইনে ছড়ানো হয়। পরবর্তীতে সেই ভুয়া ফটোকার্ডের ওপর ভিত্তি করে ‘সিটিজি পোস্ট’ নামক অনলাইন পেজ এবং ‘দৈনিক সকালের সময়’ ও ‘দৈনিক চট্টলার খবর’ নামের দুটি পত্রিকায় তাঁর কোনো বক্তব্য ছাড়াই, একতরফাভাবে ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশ করা হয়েছে।

রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখ্যান

প্রকাশিত সংবাদগুলোতে হাবিলদার শোয়াইবকে মাদক কারবারি, ফ্যাসিস্ট ও আওয়ামী লীগের কর্মী হিসেবে উপস্থাপনের অপচেষ্টা করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন,

“আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই এবং আমার কোনো রাজনৈতিক পদপদবিও নেই। আমি একজন সমাজকর্মী। সামাজিক দায়বদ্ধতা থেকেই বিভিন্ন সেবামূলক সংগঠনের সাথে জড়িত আছি।”

সংবাদে তাঁর দলীয় সম্পৃক্ততা প্রমাণের জন্য বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে একটি ছবি ব্যবহার করা হয়েছে। এর ব্যাখ্যায় তিনি বলেন, তিনি ‘বাংলাদেশ রেলওয়ে মীরসরাই সমিতি’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ওই সংগঠনের একটি সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। সেখানে তোলা একটি সাধারণ সামাজিক ছবিকে পুঁজি করে তাঁকে ‘ফ্যাসিস্টের দোসর’ বানানোর অপচেষ্টা চালাচ্ছে একটি মহল।

ষড়যন্ত্রের অংশ ছিল পুরোনো মামলা

প্রতিবাদলিপিতে হাবিলদার শোয়াইব উল্লেখ করেন, বিগত আওয়ামী সরকারের আমলেও তাঁর বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হয়েছে। সংবাদে যে মাদক মামলার কথা উল্লেখ করা হয়েছে, সেটিও তৎকালীন সময়ে তাঁর বিরুদ্ধে করা একটি গভীর ষড়যন্ত্রের অংশ ছিল। তিনি আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় লড়াই করেছেন এবং আদালত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাঁর কোনো সম্পৃক্ততা না পেয়ে তাঁকে সসম্মানে খালাস প্রদান করেছেন। বর্তমানে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে ঝাউতলা সমাজ কল্যাণ পরিষদ এবং দক্ষিণ নগর উত্তর পাড়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হিসেবে সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন।

কোনো প্রকার সত্যতা যাচাই না করে, পর্দার আড়ালের কোনো তৃতীয় পক্ষ বা গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে সামাজিকভাবে তাঁর সম্মানহানি ও কর্মক্ষেত্রে হয়রানি করার অসৎ উদ্দেশ্যে এই সংবাদগুলো প্রচার করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট অনিবন্ধিত পেজ ও দৈনিক পত্রিকাগুলোকে এই মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। অন্যথায়, সাংবাদিকতার নীতিমালার তোয়াক্কা না করে ছড়ানো এই অপপ্রচারের বিরুদ্ধে আইনজীবী ও আদালতের মাধ্যমে দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।