চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ শ্রমিকদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে গিয়ে তাদের চিকিৎসার খবর নেন। এসময় চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল তছলিম উদ্দিনসহ বার্ণ ইউনিটের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এসময় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন গুরুতর আহতদের খোঁজ খবর নেন এবং তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের আশ্বাসের দেন। একইসাথে চিকিৎসাধীন ওয়ার্ডটিকে নিজস্ব অর্থায়নে শীতাতাপ নিয়ন্ত্রিত করার আশ্বাস দেন।
ডা. শাহাত হোসেন বলেন, কারখানার আগুনে দগ্ধরা চিকিৎসা নিশ্চিতে আমি এসেছি। ইতিমধ্যে ৫ জন আইসিইউতে চিকিৎসাধীন আছে। তিনজন যে ওয়ার্ডটি আছে, সেখানে শীততাপ নিয়ন্ত্রিত না হওয়ার কারণে তাদের সমস্যার কথা বলেছে, আহতদের স্বজনরা। তাই তাৎক্ষণিকভাবে নিজস্ব অর্থায়নে আমি ওয়ার্ডটি শীততাপ নিয়ন্ত্রিত করে দিব এবং তা বাস্তবায়নের জন্য পরিচালককে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম বঙ্গবানু মেম্বারটেক এলাকার কনফিডেন্স লবণ কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) ও সেলিম উদ্দিন (৩০)।

