নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।
আজ মঙ্গলবার খুলশী থানা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ নুর আলম সোহাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
সমাবেশে নুর আলম সোহাগ বলেন, ‘৫ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যা, খুন ও গুমের মতো ঘটনা ঘটানোর পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও হুমকি দিচ্ছে। জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে খুলশী থানা ছাত্রদল রাজপথে সক্রিয় রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আওয়ামী লীগ যদি রাজনীতিতে সক্রিয় হয়, তাহলে জনগণ তা মেনে নেবে। তবে কেউ যদি নাশকতার চেষ্টা করে, তাহলে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।’
সমাবেশে বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানান এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন খুলশী থানা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক মোহাম্মদ ইব্রাহিম, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মিশকাত উদ্দিন, এমইএস কলেজ ছাত্রদল নেতা শাহাজাহান মোহাম্মদ সাগর, ইয়ামিন, মেহেজাবিন, রাইসাসহ ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। নেতাকর্মীরা দেশবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

